
সংগৃহীত ছবি
দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারের পাশাপাশি নতুন ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।
আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীত গৌরব ও কৃতী ফুটবলারদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, এই অঞ্চলের হারানো ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করতে হবে। এ সময় নওগাঁ জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দূর করে দ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন, গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটিসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ঘোষণা দেন তিনি।
ক্রীড়াবিদদের সামাজিক ও পেশাগত নিরাপত্তার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। খেলাধুলাকেও যেন তরুণেরা টেকসই ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে পেশাদার খেলোয়াড়দের সরকারি ক্রীড়া ভাতা দেওয়া শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের তিন শতাধিক জাতীয় পর্যায়ের কৃতী ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়াজীবন শেষে খেলোয়াড়দের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও সাবেক প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করে ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে।
অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার আন্দোলনের আত্মত্যাগের প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অনেক নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন। দীর্ঘ লড়াইয়ের পর সাধারণ মানুষের ঐক্যবদ্ধ রায়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সুযোগ পেয়েছে।
প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি। তবে রাজনৈতিক পরিবর্তনের পরও কিছু স্বৈরাচারের প্রেতাত্মা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, কোনো স্বৈরাচার বা বিশৃঙ্খলাকারীকে আর ছাড় দেওয়া হবে না। যারা পতিত স্বৈরাচারী নেত্রী ও তাঁর দোসরদের নিয়ে এখনো স্বপ্ন দেখছেন, তারা বোকার রাজ্যে বাস করছেন। দেশের জনগণ তাদের আর কখনোই মেনে নেবে না।
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং পেশাদারিত্ব নিশ্চিত করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া গেলে সমাজ থেকে অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে সুন্দর সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারি টিপু এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া সংগঠকেরা। আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মান্দা উপজেলাকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে রানীনগর উপজেলা।