মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ
হাসান মোল্লা, আন্তালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন অর্থায়ন তিন গুণ করা এবং ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)। এই ইস্যূতে বাংলাদেশের অবস্থান  আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।

আজ বুধবার কপ৩১-এর সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অভিযোজন অর্থায়ন বৃদ্ধি, জলবায়ু ন্যায্যতা, প্রযুক্তি হস্তান্তর এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বাংলাদেশের দায় নগণ্য। নদীভাঙন, ঘূর্ণিঝড়, উপকূলীয় লবণাক্ততা, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বহুমুখী সংকট মোকাবিলায় প্রয়োজন পর্যাপ্ত, সহজলভ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়ন। তাই কপ৩১-এ বাংলাদেশের অন্যতম প্রধান দাবি অভিযোজন কার্যক্রমে অর্থায়ন তিন গুণ করা এবং ঋণনির্ভর সহায়তার পরিবর্তে অনুদান নিশ্চিত করা।

মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে তুরস্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সকাল সাড়ে সাতটায় ঢাকা ছাড়ার পর ইস্তাম্বুলে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অভিযোজন অর্থায়ন নিয়ে বিক্ষোভ : সম্মেলনের শুরুতেই অভিযোজন অর্থায়ন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন অর্থায়ন তিন গুণ করার বিষয়ে আলাদা আলোচ্যসূচি অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে আফ্রিকান দেশগুলো। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে কপ৩১-এর ব্লু জোনে বিক্ষোভ করেন জলবায়ু সুবিচারকর্মীরা।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ক্যান) ও এশিয়া প্যাসিফিক মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিএমডিডি) আয়োজনে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন দেশের জলবায়ুকর্মীরা। তাঁদের দাবি, জলবায়ু অভিযোজনের জন্য শুধু প্রতিশ্রুতি নয়, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সরাসরি অর্থ পৌঁছাতে হবে। ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে সরকারি অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জলবায়ু প্রচারক হরজিৎ সিং, ক্যানের নির্বাহী পরিচালক তাসনিম এসোপ এবং ক্যান আফ্রিকার আঞ্চলিক সমন্বয়ক বাবুকার নিয়াং।

বিক্ষোভকারীরা বলেন, নেপাল ও মোজাম্বিকের মতো দেশ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা করছে। কিন্তু নিজেদের জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না। বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সূচক নির্ধারণ করা হলেও সেই লক্ষ্য অর্জনের অর্থ নিশ্চিত না করার সমালোচনা করেন তাঁরা।

এক বক্তা বলেন, হিমবাহী হ্রদ ফেটে বন্যার ঝুঁকি মোকাবিলায় নেপাল যে অর্থ চেয়েছিল, তা কখনো পায়নি। অভিযোজন বাস্তবায়নের সামর্থ্য না দিয়ে শুধু সূচক নির্ধারণ করা হলে তা ক্ষতিগ্রস্ত মানুষের কোনো কাজে আসবে না। তাঁর ভাষায়, ‘অভিযোজন বাস্তবায়নের সামর্থ্য না দিলে আপনারা আমাদের জীবন নিয়ে ছেলেখেলা করছেন।’

২০৩৫ সালের প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ : সোমবার সম্মেলনের আলোচ্যসূচি গ্রহণের সময় আফ্রিকান গ্রুপ অব নেগোসিয়েটরসের (এজিএন) পক্ষ থেকে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার বিষয়ে আলাদা আলোচনার প্রস্তাব দেওয়া হয়। ঘানার উত্থাপিত এ প্রস্তাবে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি, অর্থের উৎস ও সংশ্লিষ্ট দেশগুলোর দায়বদ্ধতা নিয়ে নির্দিষ্ট আলোচনা চাওয়া হয়েছিল।

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০-এ এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম জানান, প্রস্তাবটি নিয়ে পক্ষগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। সমঝোতার অংশ হিসেবে জলবায়ু অর্থায়ন নিয়ে একটি বিস্তৃত কর্মসূচি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলাদা আলোচ্যসূচি না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন এজিএনের চেয়ার নানা আন্তভি-বোয়াসিয়াকো আমোয়াহ। তবে বৃহত্তর অর্থায়ন আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ : কপ৩১-এ বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অর্থায়নের ধরন। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নয়নশীল দেশগুলোর দায় তুলনামূলকভাবে কম হলেও এর ক্ষতি মোকাবিলায় তাদের ঋণ নিতে হচ্ছে। এতে বিদ্যমান অর্থনৈতিক চাপ আরও বাড়ছে। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের জন্য এ পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক।

উন্নয়নশীল দেশগুলোর দাবি, অভিযোজন অর্থায়নের বড় অংশ সরকারি অনুদান এবং সহজ শর্তে দিতে হবে। প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদেও উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশের পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, জলবায়ু-ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা বাংলাদেশের দাবির কেন্দ্রে থাকবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশের জন্য অভিযোজন অর্থায়ন বাড়ানো শুধু পরিবেশগত প্রয়োজন নয়; এটি দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, কৃষি, অবকাঠামো ও মানুষের জীবন-জীবিকার সুরক্ষার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন প্রকল্পে অর্থের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করাও জরুরি।

বাংলাদেশের সামনে কূটনৈতিক সুযোগ : জলবায়ু অর্থায়নের পাশাপাশি ন্যায্য রূপান্তর, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু-সংক্রান্ত একতরফা বাণিজ্য ব্যবস্থাও কপ৩১-এর আলোচনায় গুরুত্ব পাচ্ছে। আফ্রিকান দেশগুলোর অভিযোগ, একতরফা জলবায়ু বাণিজ্যনীতি উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে।

সব মিলিয়ে কপ৩১-এ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন বড় প্রশ্ন। বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন নিশ্চিত অর্থায়ন, প্রযুক্তি সহযোগিতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর হাতে সরাসরি সহায়তা পৌঁছানো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের এসব দাবি আন্তর্জাতিক পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, আন্তালিয়ার সম্মেলন থেকে জলবায়ু ন্যায্যতা ও অভিযোজন অর্থায়নের প্রশ্নে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো কতটা কার্যকর অগ্রগতি আদায় করতে পারে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close