প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:০১ পিএম

নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’–কে ৫-এর মধ্যে ৪ তারকা দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সিনেমাটিতে রাবণের চরিত্রে যশের অভিনয়, দুর্দান্ত ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স), সাই পল্লবীর উপস্থিতি ও জটায়ুর দৃশ্য বিশেষ প্রশংসা পেয়েছে। তবে রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সংবাদমাধ্যমটি।
হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী, বাল্মীকি রামায়ণের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটিতে পরিচিত মহাকাব্যের মূল আবেগ ও কাহিনি ধরে রাখার চেষ্টা করেছেন নির্মাতারা। প্রথমার্ধের গতি কিছুটা ধীর হলেও দ্বিতীয়ার্ধের অ্যাকশন ও ভিএফএক্স দর্শককে মুগ্ধ করার মতো। অভিনয়ে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন যশ। রাবণের উপস্থিতি, অভিব্যক্তি ও দশমুখের উপস্থাপনা নজর কেড়েছে। অন্যদিকে রাম চরিত্রে রণবীর অ্যাকশন দৃশ্যে সাবলীল হলেও চরিত্রটির প্রত্যাশিত আধ্যাত্মিক আবহ পুরোপুরি ফুটিয়ে তুলতে পারেননি বলে মন্তব্য করা হয়েছে। সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণ হিসেবে রবি দুবে এবং কৈকেয়ীর চরিত্রে লারা দত্তের অভিনয়ও প্রশংসিত হয়েছে। বিশেষভাবে জটায়ুর দৃশ্যকে সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সিনেমাটির সংগীতে এ আর রহমান ও হলিউডের সংগীত পরিচালক হ্যান্স জিমারের যৌথ কাজ থাকলেও প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সব মিলিয়ে প্রথম পর্বে নির্মাতারা দর্শকের প্রত্যাশার চাপ অনেকটাই সামলেছেন বলে রিভিউতে বলা হয়েছে। পরবর্তী পর্বে হনুমানের চরিত্রে সানি দেওলের উপস্থিতি এবং রাম-রাবণের যুদ্ধ ঘিরে দর্শকের আগ্রহের কথাও তুলে ধরা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি