প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ AM

এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছর ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করায় এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পরপর দুইবার বা তার বেশি শূন্য পাস করা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান বন্ধ না করে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের পরিকল্পনা করছে সরকার।
গত শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে, শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের ২০২টি থেকে বেড়ে হয়েছে ২৯৩টি। অর্থাৎ এক বছরে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতে পর্যাপ্ত শিক্ষার্থী ও শিক্ষক নেই। কিছু প্রতিষ্ঠান কার্যত কাগজে-কলমেই পরিচালিত হচ্ছে। ফলে শিক্ষার মান ও ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শূন্য পাস কিংবা আশঙ্কাজনকভাবে কম পাসের হারের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিষ্ঠান একীভূত বা পুনর্বিন্যাস করা হলেও সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি বহাল রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, প্রতিষ্ঠানগুলোর গত পাঁচ বছরের শিক্ষার্থী, পাসের হার ও শিক্ষকদের তথ্য চাওয়া হচ্ছে। জবাব পর্যালোচনা করে এক সপ্তাহের মধ্যে একাধিকবার শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি