প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ AM

কয়েক দিনের বিক্ষোভ ও সংঘাতের পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিন সড়ক অবরোধ ও আন্দোলনের পর বৃহস্পতিবার সকালে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকেরা। দলবেঁধে কারখানায় প্রবেশ করছেন তাঁরা। শ্রমিকদের উপস্থিতিতে শিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য।
সকাল ৯টা পর্যন্ত জেলার কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান দেখা যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিক ছিল। তবে নিরাপত্তার জন্য শিল্পাঞ্চলে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে বিজিবির ১২ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন ও এসআরবির আট প্লাটুন সদস্য রয়েছেন।
গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। এর আগে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। আন্দোলনের মধ্যে মারধরের শিকার হয়ে তৌফিক হোসেন শেখ নামে এক শ্রমিকের মৃত্যুও হয়। কয়েক দিনের অস্থিরতার পর শ্রমিকদের কাজে ফেরায় পরিস্থিতি শান্ত হওয়ার আভাস মিলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি