প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৮ জন মেধাবী শিক্ষার্থীকে ‘HusneAra Haider Quraishi Trust Scholarship 2024-2025’ প্রদান করা হয়েছে। আজ ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকালে উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদ্দী আলফেছানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. মো. শাহীন খান, অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, দাতা সদস্য মো. আলী হায়দার কোরাইশী, হোসনে আরা বেগম এবং সংশ্লিষ্টরা।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—দ্বিতীয় বর্ষের মো. আশরাফুল আলম, হাফেজ উম্মে ফাতিমা, আয়েশা হক তুশিন ও মো. সাজু ইসলাম এবং তৃতীয় বর্ষের মারুফা আক্তার মুন্নি, খাদিজা খাতুন, মো. রাকিবুজ্জামান রাতুল ও মো. সাব্বির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ট্রাস্ট ফান্ডের দাতা মো. আলী হায়দার কোরাইশী ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অধিকাংশই দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রাম থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে এখানে আসে। তাঁদের অনেককেই আবাসন ও আর্থিক সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এ অবস্থায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বৃত্তির অর্থের পরিমাণের চেয়ে এর পেছনের ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতার মানসিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কখনো কখনো সামান্য আর্থিক সহায়তাও একজন শিক্ষার্থীর কঠিন সময়ে অনেক বড় ভূমিকা রাখতে পারে। দাতার এই সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখার জন্য তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মনোযোগ দিয়ে পড়াশোনা করে মেধার স্বাক্ষর রাখা, ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখা এবং নিজেদের অবস্থান থেকে অন্যের পাশে দাঁড়ানোর জন্য তাঁদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, মো. আলী হায়দার কোরাইশী ২০২৪ সালের ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা অনুদান প্রদানের মধ্য দিয়ে ‘HusneAra Haider Quraishi Trust Fund’ প্রতিষ্ঠা করেন। এই ট্রাস্ট ফান্ডের আওতায় বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিএসএস (সম্মান) শ্রেণির দ্বিতীয় বর্ষের চারজন এবং তৃতীয় বর্ষের চারজনসহ মোট আটজন মেধাবী শিক্ষার্থীকে প্রতিবছর এককালীন ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।
স্বদেশ প্রতিদিন/এস পি