জামালপুর পৌর কবরস্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন যুবদল নেতা সোহেল রানা খান
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:০২ পিএম

জামালপুর পৌর কবরস্থানের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিবেশ সুন্দর রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খান।
আজ বুধবার সকালে জামালপুর পৌর কবরস্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোহেল রানা খান। এ সময় তিনি নিজ হাতে কবরস্থানের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
এসময় জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, কবরস্থান শুধু মৃত ব্যক্তিদের শেষ ঠিকানা নয়, এটি স্বজনদের আবেগ, ভালোবাসা ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতিদিন অসংখ্য মানুষ তাদের প্রিয়জনের কবর জিয়ারত করতে এখানে আসেন। কিন্তু কবরস্থানের পরিবেশ অপরিচ্ছন্ন থাকলে তাদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। এমন বাস্তবতায় পৌর কবরস্থানের পরিবেশ পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জামালপুর পৌর কবরস্থানের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন জামালপুর পৌরবাসী।
স্বদেশ প্রতিদিন/এস পি