প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম

ঢাকার সাভারের হেমায়েতপুরে তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলায় সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশ ও বিজিবি তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হন।
এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। তাঁরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। বেলা ১১টার দিকে হেমায়েতপুরে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে নিশ্চিন্তপুর ও হেমায়েতপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এস পি