প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম

সংগৃহীত ছবি
এক সময়ের আলোচিত ‘রোকযানা’ গানের গায়ক শেখ সাহেদ আলী অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন তিনি। এ অবস্থায় সম্প্রতি স্ট্রোক এবং পরে ডেঙ্গু শনাক্ত হলে শারীরিক অবস্থা আরও জটিল হয়। পরে কয়েকদিন আগে হাসপাতালে নিলে আইসিইউতে নেয়া হয় তাকে।
এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন গায়কের বন্ধু কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক। তিনি জানান, চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হয় সাহেদকে। গত ২৪ অক্টোবর তার শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়। পরে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীয়ন অবস্থায় স্ট্রোক হয়। তারপর থেকে স্বাভাবিকভাবে আর কথা বলতে পারছেন না সাহেদ।
এরপর থেকে ফিসফিস করে ও ইশারায় মনের ভাব প্রকাশের চেষ্টা করছেন সাহেদ। এরই মধ্যে আবার ডেঙ্গুও শনাক্ত হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গত ৩১ অক্টোবর রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার অন্য একটি হাসপাতালের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। তারপর সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
কোন চাপে নিম্নমানের সিনেমায় কাজ করেছিলেন, মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা
গায়কের বন্ধু আরও জানিয়েছেন, সবশেষ ডায়ালাইসিসের পরও কিছু শারীরিক জটিলতা রয়েছে সাহেদের। ডান হাত-পা ফুল গেছে। ডায়ালাইসিসে ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধার কারণে বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ। নব্বইয়ের দশক থেকে গান করছেন। সংগীতাঙ্গনে তিনি ‘রোকযানা’ সাহেদ নামেও ব্যাপক পরিচিত। ১৯৯১ সালে তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশ হয়। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ হয়েছে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য― ‘রোকযানা’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।