প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ব্যবহৃত দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিতর্কের পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জ্ঞানের পিরামিডে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তরের নাম থাকলেও কোনো প্রতীক বা আইকন রাখা হবে না।
রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান প্রথম আলোকে জানান, ইতিমধ্যে ছাপানো বইয়ের সংশ্লিষ্ট পৃষ্ঠায় নতুন করে ছাপানো পরিমার্জিত পৃষ্ঠা যুক্ত করে শিক্ষার্থীদের কাছে বই সরবরাহ করা হবে। এর আগে গত বৃহস্পতিবার রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল এনসিটিবি। শনিবার প্রেস মালিকদের সঙ্গে বৈঠকেও সংশ্লিষ্ট পৃষ্ঠা পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়।
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ পাঠে জ্ঞানের পিরামিডের চারটি স্তর বোঝাতে আলাদা প্রতীক ব্যবহার করা হয়েছিল। এর সর্বোচ্চ স্তর প্রজ্ঞার প্রতীক হিসেবে রাখা হয়েছিল দাঁড়িপাল্লা। এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য বইটির প্রায় ৩৮ লাখ কপি ছাপানো হচ্ছে, যার বেশির ভাগের ছাপার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পুরো বই পরিবর্তনের পরিবর্তে সংশ্লিষ্ট পৃষ্ঠা পরিমার্জনের মাধ্যমে বিতর্কিত প্রতীকটি বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি