প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:১৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের ফি কমানোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য বিবেচনায় ফি পুনর্নির্ধারণ করে তা যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় দ্বিতীয় সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে নির্ধারিত ফি অনেকের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। সংগঠনটির নেতারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিজেদের পরিশ্রম ও টিউশনি করে পড়াশোনার খরচ বহন করেন। তাই ফি বেশি হওয়ায় তাঁদের অনেকে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
ছাত্রদলের নেতারা বলেন, ‘সমাবর্তন কোনো বাণিজ্যিক আয়োজন নয়; এটি শিক্ষার্থীদের অধিকার ও আনন্দের দিন।’ আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন জীবনের গুরুত্বপূর্ণ এই আয়োজন থেকে বঞ্চিত না হন, সে জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি ফি পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্বদেশ প্রতিদিন/এস পি