প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম

ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর নির্দেশনা চালানো, তথ্য চুরি কিংবা ক্ষতিকর সফটওয়্যার স্থাপন করতে পারেন। ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পিএইচপির ওপর নির্ভরশীল হওয়ায় ত্রুটি দুটির প্রভাব ব্যাপক হতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত ত্রুটি দুটির শনাক্তকরণ নম্বর CVE-2026-109618 ও CVE-2026-109619। পিএইচপি ফাউন্ডেশন এগুলো সংশোধনে নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে। তবে যেসব সার্ভারে এখনো হালনাগাদ ইনস্টল করা হয়নি, সেগুলো ঝুঁকিতে থাকতে পারে। ওয়ার্ডপ্রেস, ড্রুপাল ও জুমলার মতো প্ল্যাটফর্মেও পিএইচপি ব্যবহৃত হয়।
প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফের নিরাপত্তা গবেষকেরা কোড নিরীক্ষার সময় ত্রুটি দুটি শনাক্ত করেন। এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তাও নেওয়া হয়েছিল। অ্যামাজনের পর্যবেক্ষণে ১৭ অক্টোবরের দিকে ত্রুটি কাজে লাগিয়ে হামলার কার্যকলাপের ইঙ্গিত পাওয়া যায়। নিরাপত্তা বিশেষজ্ঞরা ওয়েবসাইট পরিচালকদের দ্রুত পিএইচপির নিরাপত্তা হালনাগাদ ইনস্টল, সার্ভারের লগ পরীক্ষা এবং অননুমোদিত প্রবেশের লক্ষণ খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি