প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:০৩ পিএম

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডসংশ্লিষ্ট সূত্র। সম্ভাব্য তারিখটি চূড়ান্ত করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আলোচনা হতে পারে। তবে ফল প্রকাশের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইনে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে অথবা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইনে ফল দেখতে ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ফলাফল দেখার অপশনে ক্লিক করলে ফল দেখা যাবে এবং মার্কশিট ডাউনলোড করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নিজস্ব ইআইআইএন নম্বর ব্যবহার করে একসঙ্গে সব পরীক্ষার্থীর ফল সংগ্রহ করতে পারবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের বার্তা অপশনে গিয়ে লিখতে হবে HSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll 2026। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে HSC DHA 123456 2026। বার্তা পাঠানোর পর ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
চলতি বছর দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। গত ২ জুলাই লিখিত পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাও শেষ হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি