প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৭ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে রাতের আঁধারে রহস্যজনকভাবে শিক্ষার্থীদের জামাকাপড় কেটে নষ্ট করার ঘটনা ঘটছে। সর্বশেষ গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে হলের তৃতীয় তলার বারান্দায় কয়েকজন শিক্ষার্থীর কাপড় কেটে দেওয়া হয়। এর আগে একই তলার ওয়াশরুমে গলাকাটা অবস্থায় তিনটি বিড়াল উদ্ধারের ঘটনাও ঘটে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে না পারায় আতঙ্কে রয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় দুই মাস ধরে কয়েক দফায় এ ধরনের ঘটনা ঘটলেও কোনো সমাধান হয়নি। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্যামেরার আওতা বৃদ্ধি এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। আবাসিক শিক্ষার্থী শাকারিয়া আলম বলেন, এসব ঘটনা তাঁদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। আরেক শিক্ষার্থী মো. তৌফিকও দ্রুত সমস্যার সমাধানে হল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী জানান, দুই মাস আগের ঘটনার পর ৩২টি সিসিটিভি ক্যামেরা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। ফাইলটি প্রক্রিয়াধীন রয়েছে। সর্বশেষ ঘটনায় এক শিক্ষার্থীর বেশি কাপড় নষ্ট হওয়ায় হল প্রশাসনের পক্ষ থেকে তাঁকে দুই হাজার টাকা দেওয়া হয়েছে। প্রভোস্ট আরও বলেন, ‘যদি কেউ তাকে ধরতে পারে, তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’ শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি