প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় আগামী ২৭ ও ২৮ অক্টোবর নির্ধারিত এসব কর্মসূচি জাঁকজমকপূর্ণ ও সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে সোনারগাঁ উপজেলা যুবদল। সোনারগাঁ যুবদলের দায়িত্বশীলদের দাবি, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিশেষ চমক দেখাবেন তারা।
গতকাল রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের কার্যালয় 'সোনামিয়া ম্যানশন'-এর তৃতীয় তলায় এই প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ করে একটি সুশৃঙ্খল ও জমকালো আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২৭ ও ২৮ অক্টোবরের কর্মসূচিতে সর্বস্তরের যুবনেতাদের অংশগ্রহণ নিশ্চিত করে সোনারগাঁ যুবদলের শক্তি ও সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করাই তাদের মূল লক্ষ্য।
সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া বলেন, আমাদের মূল লক্ষ্য সোনারগাঁয়ে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আমরা কর্মসূচিগুলো এমনভাবে সাজিয়েছি, যা সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সোনারগাঁ যুবদল এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এক নতুন চমক উপহার দেবে।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদ বলেন, তৃণমূলের কর্মীরাই যুবদলের মূল প্রাণ। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিকে সফল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। ২৭ ও ২৮ অক্টোবরের অনুষ্ঠান সফল করতে উপজেলা ও পৌরসভার সকল নেতাকর্মীকে একসঙ্গে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।
উক্ত প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা, যুবদল নেতা করিম রহমান, রাকিব হাসান, সোহেল রানা, মাসুম বিল্লাহ, ইমরান ফারুক, খোকন সিকদার, বাবুল হোসেন, আরিফ হোসেন ও সোহাগসহ যুবদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
স্বদেশ প্রতিদিন/এফএইচ