প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম

টেলিভিশনের পর্দায় নতুন গেম শো নিয়ে হাজির হতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ‘দাদাগিরি’ ও ‘বিগ বস বাংলা’ সঞ্চালনার পর এবার নতুন একটি নন-ফিকশন শোতে দেখা যাবে কলকাতার এই জনপ্রিয় তারকাকে। আগামী মাস থেকেই শোটির শুটিং শুরু হতে পারে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন শোটির ফরম্যাট হবে কিছুটা ভিন্ন। প্রচারের প্রথম ঝলক থেকে ধারণা পাওয়া যাচ্ছে, এখানে অর্থ জেতার জন্য প্রশ্ন করা ও উত্তর দেওয়ার দায়িত্ব থাকবে দর্শকদের ওপর। তবে শোটির নাম এখনো প্রকাশ করা হয়নি। সৌরভের টিম জানিয়েছে, শুটিং শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে সংশ্লিষ্টদের বৈঠকের পর বিষয়টি নিশ্চিত হতে পারে।
এর আগে ২০০৯ সালে ‘দাদাগিরি’র মাধ্যমে টেলিভিশন সঞ্চালক হিসেবে যাত্রা শুরু করেন সৌরভ গাঙ্গুলী। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটির নয়টি মৌসুম সঞ্চালনা করে জনপ্রিয়তা পান তিনি। এবার নতুন গেম শোতে তার উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি