প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পিএম

শক্তিশালী এআই মডেলের নিরাপত্তাঝুঁকি কমাতে প্রশিক্ষণের সময় সরাসরি ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। এর পরিবর্তে সংরক্ষিত ওয়েব কনটেন্ট ও কৃত্রিমভাবে তৈরি ইন্টারনেট পরিবেশ ব্যবহার করে মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির মতে, উন্নত এআই মডেলকে সরাসরি ইন্টারনেটে প্রবেশের সুযোগ দিলে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার নতুন এ নীতির কথা জানিয়েছে ওপেনএআই। এর আগে একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর ওপেনএআইয়ের একটি শক্তিশালী এআই মডেল সিস্টেমের কনফিগারেশনে থাকা ত্রুটির সুযোগ নিয়ে ইন্টারনেটে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। এ ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে এবং পরীক্ষা চালাতে প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখে প্রতিষ্ঠানটি।
নতুন ব্যবস্থায় এআই মডেলগুলো বিপুল পরিমাণ সূচিবদ্ধ ও সংরক্ষিত ওয়েব কনটেন্টের সঙ্গে কাজ করতে পারবে। তবে বাইরের কোনো সিস্টেমে সরাসরি প্রভাব ফেলার সুযোগ থাকবে না। পাশাপাশি, নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে কী ধরনের দুর্বলতা তৈরি হতে পারে, তা যাচাই করতেও পরীক্ষা চালিয়েছে ওপেনএআই। তবে সংরক্ষিত কনটেন্টের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে সরাসরি ইন্টারনেট ব্যবহারের সমান সক্ষমতা অর্জন করা সম্ভব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
স্বদেশ প্রতিদিন/এস পি