প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান আগামী নভেম্বরে ঢাকায় আসছেন। ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। সফরে তার সঙ্গে থাকবেন মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ৪ থেকে ৮ নভেম্বর ঢাকার গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর তৃতীয় দিন, ৬ নভেম্বর শুক্রবার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিলাল আব্বাস খান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। প্রদর্শনীতে তার মায়ের নকশা করা পোশাকও স্থান পাবে।
আয়োজনে পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনধারা, বিয়ের পোশাক, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য ও দেশটির ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হবে। ‘ইশক মুর্শিদ’, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’, ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’-এর মতো নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া বিলাল আব্বাস পাকিস্তানের বাইরেও দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি