প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:০৯ পিএম

ক্যানসার রোগীর মুখের ছবি বা সেলফি বিশ্লেষণ করে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ও মৃত্যুঝুঁকি সম্পর্কে পূর্বাভাস দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাস জেনারেল ব্রিগহ্যামের গবেষকেরা এ প্রযুক্তি তৈরি করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন বয়স ও জাতিগোষ্ঠীর চার কোটির বেশি মুখের ছবি দিয়ে এআই মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ল্যানসেট ডিজিটাল হেলথ সাময়িকীতে।
গবেষকেরা ‘এফএএইচআর-ফেইসএইজ’ ও ‘এফএএইচআর-ফেইসসারভাইভাল’ নামে দুটি টুল তৈরি করেছেন। প্রথমটি মুখের ছবি থেকে জৈবিক বয়স নির্ধারণ করে মৃত্যুঝুঁকি সম্পর্কে পূর্বাভাস দেয়। দ্বিতীয়টি জৈবিক বয়স নির্ধারণের মধ্যবর্তী ধাপ ছাড়াই সরাসরি মুখের ছবি বিশ্লেষণ করে বেঁচে থাকার সম্ভাবনা অনুমান করে। গবেষণায় দেখা গেছে, যেসব ক্যানসার রোগীকে তাঁদের প্রকৃত বয়সের তুলনায় অন্তত পাঁচ বছর বেশি বয়স্ক দেখিয়েছে এআই, তাঁদের মৃত্যুঝুঁকি তুলনামূলক বেশি। যুক্তরাষ্ট্রে রেডিওথেরাপি নেওয়া রোগীদের গড়ে চার বছর পর্যবেক্ষণে এই ঝুঁকি ২১ শতাংশ বেশি পাওয়া গেছে। বিপরীতে, প্রকৃত বয়সের চেয়ে অন্তত পাঁচ বছর কম বয়স্ক দেখানো রোগীদের মৃত্যুঝুঁকি ১৭ শতাংশ কম ছিল।
গবেষকদের মতে, মুখের বিভিন্ন অংশ বিশ্লেষণ করে এআই বয়স ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পেতে পারে। ভবিষ্যতে এ প্রযুক্তি রোগীর শারীরিক সক্ষমতা মূল্যায়ন এবং অস্ত্রোপচার, রেডিওথেরাপি বা অন্যান্য জটিল চিকিৎসার ঝুঁকি নির্ধারণে সহায়তা করতে পারে। তবে শুধু মুখের ছবি দেখে কারও আয়ু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। চিকিৎসাক্ষেত্রে এ প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরুর আগে আরও গবেষণা প্রয়োজন।
স্বদেশ প্রতিদিন/এস পি