প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:০৯ পিএম

গুগল ক্লাউডের সেবায় বিভ্রাটের কারণে যুক্তরাজ্যে ব্যাংক, সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন অনলাইন সেবা ব্যাহত হয়েছে। মঙ্গলবার গুগল জানিয়েছে, বিদ্যুৎ-সংক্রান্ত ঘটনার কারণে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে এবং ক্লাউড পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিভ্রাটের প্রভাব পড়েছে ডিজিটাল ব্যাংক রেভলুট, লয়েডস ও এইচএসবিসির সেবায়। এ ছাড়া বাড়ি কেনাবেচার ওয়েবসাইট রাইটমুভ, পার্সেল সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডি, জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস ইংল্যান্ড এবং রয়্যাল মেইলের সেবা নিয়েও সমস্যার খবর পাওয়া গেছে। রেভলুট জানিয়েছে, কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ ও এটিএম থেকে টাকা তোলাসহ তাদের কয়েকটি সেবা ব্যাহত হয়েছিল। তবে গ্রাহকদের অর্থ ও তথ্য নিরাপদ রয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
গুগলের ভাষ্য অনুযায়ী, তাদের ইউরোপ-ওয়েস্ট২ ক্লাউড অঞ্চলে বিদ্যুৎ-সংক্রান্ত ঘটনার পর প্রকৌশলীরা কাজ করে সেবা স্বাভাবিক করেন। লন্ডনভিত্তিক এই ক্লাউড অঞ্চলের অবকাঠামো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট, অ্যাপ ও অনলাইন সেবা পরিচালনা করে।
এ ঘটনায় আর্থিক ও জরুরি সেবার জন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভরতার ঝুঁকি আবারও সামনে এসেছে। যুক্তরাজ্য গত জুলাইয়ে গুগল ক্লাউড, মাইক্রোসফট, অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও ওরাকলকে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ তৃতীয় পক্ষের সেবাদাতা হিসেবে নিয়ন্ত্রক তদারকির আওতায় আনে। ইউরোপীয় ইউনিয়নও গত বছর গুগল ক্লাউডসহ ১৯টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ সেবাদাতা হিসেবে চিহ্নিত করে। যুক্তরাজ্যের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি জানিয়েছে, তারা গুগল ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে বিভ্রাটের প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।
স্বদেশ প্রতিদিন/এস পি