প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৩৫ পিএম

মতিঝিলের তুলনায় বেশি ব্যয় হলেও আগারগাঁওয়ের আইডিবি ভবনে প্রধান কার্যালয় সরাতে চায় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতে বর্তমান কার্যালয়ের তুলনায় বছরে অতিরিক্ত ১ কোটি ৮১ লাখ টাকা খরচ হবে। অথচ মতিঝিলের সানমুন স্টার টাওয়ারে কার্যালয় নিলে বছরে ২৪ লাখ টাকা ব্যয় কমত। গত ২০ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে আইডিবি ভবনে কার্যালয় স্থানান্তরের অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।
আইডিআরএর হিসাব অনুযায়ী, মতিঝিলের সাধারণ বীমা করপোরেশন টাওয়ারে বর্তমানে বছরে কার্যালয় পরিচালনায় খরচ হয় ৫ কোটি ৯৫ লাখ টাকা। সানমুন স্টার টাওয়ারে গেলে তা কমে ৫ কোটি ৭১ লাখ টাকা হবে। অন্যদিকে, আগারগাঁওয়ের আইডিবি ভবনে গেলে বার্ষিক ব্যয় দাঁড়াবে ৭ কোটি ৭৬ লাখ টাকা। বর্তমান কার্যালয়ে পর্যাপ্ত আলো-বাতাস, নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশের ঘাটতির কথা তুলে ধরে আইডিআরএ স্থানান্তরের পক্ষে যুক্তি দিয়েছে। সংস্থাটির দাবি, আইডিবি ভবনে নিরাপত্তা, পার্কিং, পানি, পয়োনিষ্কাশন ও কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
তবে আগারগাঁওয়ে গেলে বিমা কোম্পানিগুলোর কাছ থেকে দূরে সরে যাবে আইডিআরএ। দেশের ৮১টি বিমা কোম্পানির মধ্যে ৪৫টির প্রধান কার্যালয় মতিঝিল, পল্টন, কাকরাইল ও আশপাশের এলাকায়। আইডিআরএ নতুন কার্যালয়ের জন্য ছয়টি ভবন পরিদর্শন করে মতিঝিলের সানমুন স্টার টাওয়ার ও আগারগাঁওয়ের আইডিবি ভবন বাছাই করলেও অনাপত্তিপত্র চেয়েছে শুধু আইডিবি ভবনের জন্য। কেন কম খরচের বিকল্পটি বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে সংস্থাটি স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। আইডিআরএর জনসংযোগ পরামর্শক সাদিক আরমানের ভাষ্য, উন্নত কর্মপরিবেশ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করাই স্থানান্তরের মূল লক্ষ্য। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।
স্বদেশ প্রতিদিন/এস পি