প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাঊদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়। এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কখন কোন অ্যাম্বাসেডরকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠাবে, সেটা মন্ত্রণালয়ের একান্তই নিজস্ব সিদ্ধান্ত।’
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন। এ সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর আশা, সফরের মাধ্যমে জাপানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়বে এবং নতুন জাপানি বিনিয়োগের সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ইনভেস্টের মাধ্যমে জাপানি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টাও চালানো হবে বলে জানান তিনি।
এর আগে গত ২২ অক্টোবর রাষ্ট্রদূত দাঊদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়টি জানা যায়। প্রধানমন্ত্রীর সফরের কূটনৈতিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব এম নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ইতিমধ্যে জাপানে পৌঁছেছেন এবং সফরজুড়ে সেখানে অবস্থান করবেন।
স্বদেশ প্রতিদিন/এস পি