প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:০৮ পিএম

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন পাওয়া গেছে। রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি। তবে ওই দিনই এটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ব্যাংকটির আইটি বিভাগের কর্মীরা ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে শনাক্ত হওয়া স্প্যাম ও হামলার চিহ্ন মেরামতের কাজ করছেন। ওই কর্মকর্তা জানান, ওয়েবসাইটে দুটি হামলার চিহ্ন পাওয়া গেছে, সেগুলো ঠিক করতে সময় লাগছে।
গত বৃহস্পতিবার থেকে সাইবার হামলার ঝুঁকির কারণে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। পাঁচ দিনের ছুটি শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু হলেও জনতা ব্যাংকেরটি সচল হয়নি। এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্কতা জারি করে। ২১ অক্টোবরের যৌথ সতর্কবার্তায় বলা হয়, এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সোনালী, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের ওয়েবসাইট সচল ছিল।
স্বদেশ প্রতিদিন/এস পি