প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, দ্বিপক্ষীয় বিনিয়োগ ও ব্যবসায়িক আস্থা বাড়বে বলে আশা করছে টোকিও। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাবেন তারেক রহমান। সফরে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার পাশাপাশি দেশটির ব্যবসায়ী নেতা ও বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই বা সহযোগিতার ঘোষণা আসতে পারে। পাশাপাশি জ্বালানিসংকট মোকাবিলা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতা নিয়েও আলোচনা হতে পারে। জাপানের সহযোগিতায় বাংলাদেশের মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও মাতারবাড়ী এলাকার অবকাঠামো উন্নয়নের মতো প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও জোরদার করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি