প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:০৭ পিএম

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে এ ধরনের গর্হিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য দিতে হবে। সমাজে ইমামদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে তাঁদের ভূমিকার ওপর গুরুত্ব দেন। এ সময় বেতন-ভাতা বৃদ্ধি এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন ইমাম সমিতির নেতারা।
স্বদেশ প্রতিদিন/এস পি