প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৩১ AM

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের। সরকারিভাবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও পরিকল্পনা কমিশনের দায়িত্বশীলরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করেই গত রাতে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
অনুমোদনের জন্য প্রস্তুত করা ১৫টি প্রকল্পের মধ্যে রয়েছে তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ গ্যাসকূপ খনন, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন। এ ছাড়া বাংলাদেশ পুলিশের জন্য বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনা এবং পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের প্রকল্পও তালিকায় ছিল।
স্বদেশ প্রতিদিন/এস পি