প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ পিএম

দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে পাঁচ কার্গো কেনা হবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এবং একটি কাতারএনার্জি ট্রেডিং এলএলসি থেকে। শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে রোববার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিপি সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) বেঞ্চমার্ক মূল্যের চেয়ে শূন্য দশমিক ১৭ ডলার কম নির্ধারণ করা হয়েছে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রয়োজনে এ প্রতিষ্ঠান থেকে আরও কার্গো কেনার সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে, কাতারএনার্জির সহযোগী প্রতিষ্ঠান কাতারএনার্জি ট্রেডিং এলএলসি থেকে কেনা কার্গোটি আগামী ২০ ডিসেম্বর সরবরাহের কথা রয়েছে। এর দাম জেকেএম বেঞ্চমার্ক মূল্যের চেয়ে শূন্য দশমিক ১০ ডলার কম নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও এক কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে। এ বিষয়ে পেট্রোবাংলা ও জেরার মধ্যে চূড়ান্ত হওয়া স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তি ও শর্ত সইয়ের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি