প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:১০ পিএম

নাটোরের গুরুদাসপুরে কোলন ক্যানসারে আক্রান্ত আশিক বিল্লাহ শিমুলের (২৮) চিকিৎসা অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁর চিকিৎসা চালিয়ে যেতে প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। তবে আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় কেমোথেরাপি ও পরবর্তী অস্ত্রোপচারের খরচ জোগাড় করতে পারছে না পরিবার। শিমুল গুরুদাসপুর পৌরসভার খামার নাচকৈড় মহল্লার বাসিন্দা। তিনি চলনবিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতহার হোসেনের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বরের প্রথম দিকে শিমুলের মলদ্বারে টিউমার ধরা পড়ে। এরপর ৬ অক্টোবর রাজশাহীতে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে তাঁর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি রাজশাহী জেনারেল হাসপাতালে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক অসীম সরকারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ২৭ অক্টোবর থেকে তিন সপ্তাহ পরপর তাঁকে সাত থেকে আটটি কেমোথেরাপি দিতে হবে। এতে প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। কেমোথেরাপি শেষে দ্বিতীয়বার অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে।
শিমুল গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের একটি প্রসাধনীর দোকানে স্বল্প বেতনে কাজ করতেন। অসুস্থ হওয়ার পর সেই কাজও হারিয়েছেন। নিজের জমিজমা নেই; ধারদেনা করে চলছে চিকিৎসা। তাঁর সংসারে রয়েছেন স্ট্রোকে আক্রান্ত অসুস্থ মা, স্ত্রী এবং এক বছর বয়সী মেয়ে ফিহা ও ১০ বছর বয়সী ছেলে সিজা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শিমুল এখন নিজের চিকিৎসা চালানোর পাশাপাশি পরিবারের ভরণপোষণ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন। তাঁর বড় ভাই সাংবাদিক আখলাকুজ্জামান ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
শিমুলের চিকিৎসায় সহায়তা পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে সোনালী ব্যাংকের একটি হিসাব নম্বর ও বিকাশ নম্বর দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি