
যুবসমাজকে মাদকমুক্ত রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মিরওয়ারিশপুর ইউনিয়নের দক্ষিণ তালুয়া চাঁদপুরে মরহুম মোসলেহ উদ্দিন ভূঁইয়া মালন স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
দক্ষিণ তালুয়া চাঁদপুর তরুণ সংঘের আয়োজনে দক্ষিণ তালুয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ঈদের আমেজ দেখা যায়।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ৯ নম্বর মিরওয়ারিশপুর ইউনিয়ন যুবদল নেতা মো. আব্দুল হান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর মিরওয়ারিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নিটু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বোরহানুল হাই তপন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পিড ট্রাক প্রাইভেট লিমিটেডের পরিচালক মজির উদ্দিন ভূঁইয়া মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯ নম্বর মিরওয়ারিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন ফরাজি।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। আধুনিক আয়োজন ও ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উদ্বোধনী ম্যাচে ফিউচার স্পোর্টিং ক্লাব ও নবগ্রাম স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে জমে ওঠে ম্যাচের পরিবেশ। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নবগ্রাম স্পোর্টিং ক্লাবকে ৫-১ গোলের ব্যবধানে পরাজিত করে ফিউচার স্পোর্টিং ক্লাব।
খেলাকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে আসা দর্শকদের উপস্থিতিতে মাঠটি পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন ও এগিয়ে নিতে দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য প্রবাসী আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিক সহায়তা দিয়ে আয়োজকদের পাশে দাঁড়িয়েছেন।
স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকায় সামাজিক বন্ধন, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মরহুম মোসলেহ উদ্দিন ভূঁইয়া মালনের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের ক্রীড়ামুখী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা করছেন আয়োজক ও এলাকাবাসী।
স্বদেশ প্রতিদিন/এস পি