প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ AM

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আবারও স্বাভাবিক হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুরোদমে পণ্য বাণিজ্য শুরু হয়েছে। এতে পণ্য খালাস, ওঠানো-নামানো ও শুল্কায়ন কার্যক্রমে গতি ফিরেছে এবং ছুটির কারণে তৈরি হওয়া পণ্য ও ট্রাকজট কমতে শুরু করেছে।
বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র জানান, দুর্গাপূজার সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন এ পথে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে ১৮ ও ১৯ অক্টোবর বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ স্বাভাবিক ছিল। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় শনিবার (২৪ অক্টোবর) বাণিজ্য চালুর চেষ্টা হলেও সার্ভার সমস্যার কারণে তা বেশিক্ষণ চালানো যায়নি। ওই দিন ভারত থেকে ৬২ ট্রাক পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ৩৬ ট্রাক পণ্য রপ্তানি হয়।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বনি বলেন, টানা ছুটিতে সীমান্তের দুই পাশে পণ্য ও ট্রাকজট তৈরি হয়েছিল। কার্যক্রম স্বাভাবিক হওয়ায় জট কমছে এবং পণ্য খালাসের কাজ পুরোদমে চলছে। এ কাজে প্রায় দুই হাজার হ্যান্ডলিং শ্রমিকসহ বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা যুক্ত হয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি