প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৩০ পিএম

পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল প্রকাশ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৬ অক্টোবর। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর। পরদিন ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১ নভেম্বর। এর পরদিন ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলীয় সিদ্ধান্তে গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে এবং শূন্য পদ পূরণের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করে। এরই ধারাবাহিকতায় আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ