প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৩১ পিএম

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার অ্যান কারসন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টার দিকে নতুন এ নোবেলজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।
সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার মাধ্যমে আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় অ্যান কারসনকে এ বছরের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।
অ্যান কারসন ১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে তিনি ক্লাসিকসের ওপর তাঁর ডক্টরিয়াল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশ করেন। পুরো ক্যারিয়ারে তিনি কবিতা লেখা, অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো শব্দের প্রতি ভাষাবিদের গভীর মনোযোগ এবং নতুন অর্থ খোঁজার প্রতি কবির আকুলতার সমন্বয়। কারসন নিজেও বলেছেন, যেকোনো লেখা তৈরির ক্ষেত্রে শব্দের মূল উৎপত্তি বা উৎস খুঁজে বের করাই তাঁর কাজের প্রথম ধাপ।
প্রাচীন গ্রিক সাহিত্যের যেসব বই তিনি অনুবাদ করেছেন, সেগুলো একেকটি স্বতন্ত্র সাহিত্যকর্ম হিসেবেও বিবেচিত হয়। এর মধ্যে অন্যতম হলো প্রাচীন গ্রিক কবি সাপফোর অসমাপ্ত কবিতার তাঁর নিজস্ব ভাষায় অনুবাদ ‘ইফ নট, উইন্টার’ (২০০২)। এ ছাড়া রয়েছে সাপফোর বিয়োগান্তক নাটক ‘ইলেক্ট্রা’ (২০০১), ‘অ্যান্টিগন’ (২০১৫) এবং ইউরিপিডিসের ‘বাক্খাই’ (২০১৫)।
সাহিত্যে নোবেলের জন্য মনোনীতদের নাম দীর্ঘ ৫০ বছর গোপন রাখে সুইডিশ অ্যাকাডেমি। ফলে কে এই পুরস্কার পেতে পারেন, তা আগে থেকে নির্ভুলভাবে ধারণা করা কঠিন।
১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১২২ জন সাহিত্যিক এ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি