প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম

তুরস্কের শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে বিপুল মুনাফা করার অভিযোগে ১০৮ জন বিনিয়োগকারীর সম্পদ জব্দের উদ্যোগ নিয়েছেন দেশটির সরকারি কৌঁসুলিরা। তদন্তে উঠে এসেছে, সন্দেহজনক লেনদেনের সময়ে তাঁদের প্রত্যেকে ১০ কোটি তুর্কি লিরার বেশি, অর্থাৎ ২০ লাখ ডলারেরও বেশি মুনাফা করেছেন। তবে সম্পদ জব্দের আবেদন কার্যকর হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল ঘিরে চলমান আর্থিক কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে গত ১৮ নভেম্বর সম্পদ জব্দের অনুরোধ জানানো হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শেয়ার ও অন্যান্য আর্থিক সম্পদ জব্দের পাশাপাশি বড় অঙ্কের অর্থ উত্তোলন, স্থানান্তর এবং সম্পত্তি কেনাবেচার ওপর নজরদারির কথা বলা হয়েছে। তুরস্কের ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য আহমেত শিক প্রকাশিত নথির অংশে সরকারি আমলা, রাজনৈতিক মহল ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম থাকার কথা উল্লেখ করা হয়েছে।
গত সেপ্টেম্বরে কয়েকটি বিনিয়োগ তহবিল গ্রাহকদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে বিষয়টি সামনে আসে। এরপর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সাতটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের পরিচালিত ১৩১টি তহবিল বন্ধের নির্দেশ দেয়। অভিযোগ রয়েছে, কিছু তহবিল নির্দিষ্ট কোম্পানির শেয়ার সমন্বিতভাবে কেনাবেচা করে দাম বাড়িয়ে দেখিয়েছে। তবে বেশি মুনাফা করলেই কেউ অপরাধী প্রমাণিত হন না। কারসাজি বা গোপন তথ্য ব্যবহারের অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি