প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:২০ পিএম আপডেট: ০৫.১০.২০২৬ ২:২৭ PM

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর ছাত্রদল নেতা মো. জিসান (২৬) অপহরণ ও হত্যা মামলার রহস্য উন্মোচনের দাবি করেছে চকরিয়া থানা পুলিশ। এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলভার রঙের একটি নোহা গাড়ি জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন প্রকাশ কাল্লু ড্রাইভার এবং জিসাত মিয়া প্রকাশ শওকত ড্রাইভার (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনা, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধান এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে চকরিয়ার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকা থেকে জিসানকে একটি সাদা/সিলভার রঙের নোহা গাড়িতে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের পর চকরিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। প্রথমে মামলার অন্যতম অভিযুক্ত কাল্লু ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে শওকত ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলভার রঙের নোহা গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো-চ-১১-৫৯৬৯।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জিসানকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও অন্য জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৪৪, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৩৪১/৩৬৪/৩০২/৩৪ ধারায় করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি