প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম

জাপানে নৈশক্লাব, বার ও আতিথেয়তা খাতের লাইসেন্স ও পরিচালনা সংক্রান্ত আইন লঙ্ঘনের সন্দেহে গ্রেপ্তার হয়েছেন রিয়েলিটি শো তারকা আসুকা ওগুরি। ‘আসুন’ নামে পরিচিত এই তরুণী নেটফ্লিক্সের ডেটিং শো ‘ব্যাডলি ইন লাভ’-এর দ্বিতীয় মৌসুমে অংশ নিয়ে পরিচিতি পান। গত ১৫ নভেম্বর আইচি প্রিফেকচার পুলিশ তাঁকে আরও দুজনের সঙ্গে আটক করে।
তদন্তকারীদের অভিযোগ, নাগোয়া শহরের নিশিকি ৩-চোম এলাকায় ‘গুরি’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন আসুন। যথাযথ লাইসেন্স ছাড়াই সেখানে অতিথিদের সঙ্গে বসে গল্প করা ও মদ পরিবেশনের ব্যবস্থা ছিল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় আসুনের সম্পৃক্ততা ছিল বলেও দাবি পুলিশের। তবে এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
১৯৯৬ সালে নাগোয়া শহরে জন্ম নেওয়া আসুকা ওগুরি স্থানীয় বিনোদন অঙ্গনে আগে থেকেই পরিচিত ছিলেন। ইউটিউবের অনুষ্ঠান ‘লাস্ট কল’-এ ‘কুইন’ নামে বিচারকের ভূমিকায় অংশ নিয়ে তাঁর পরিচিতি বাড়ে। পরে ‘ব্যাডলি ইন লাভ’-এর দ্বিতীয় মৌসুমে স্পষ্টভাষী ও আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে দর্শকদের নজর কাড়েন তিনি। অনুষ্ঠানের শেষ পর্বে মাকুন নামের এক মুষ্টিযোদ্ধার সঙ্গে জুটি বাঁধেন আসুন। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর অনুসারী আট লাখের বেশি।
স্বদেশ প্রতিদিন/এস পি