প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম

ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২০২৭ সালের ৩ জুন বৃহস্পতিবার একমাত্র টি-টোয়েন্টিতে নেপালের মুখোমুখি হবে লিটন দাসের দল। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ম্যাচটি লর্ডসের জন্যও বিশেষ। একই দিনে সেখানে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচ। আন্তর্জাতিক ও ঘরোয়া পুরুষদের ক্রিকেটের এমন দ্বৈত আয়োজন এই মাঠে এবারই প্রথম। এর আগে আগামী বছরের মে মাসের শেষদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে ১৭ বছর পর লর্ডসে ফিরবে বাংলাদেশ।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বাংলাদেশ ও নেপালকে লর্ডসে স্বাগত জানাতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও ম্যাচটিকে ঐতিহাসিক ও গর্বের উপলক্ষ হিসেবে দেখছেন। বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, লর্ডসে খেলা বাংলাদেশের জন্য বিশেষ সম্মানের। নেপালের ইংল্যান্ড সফর শুরু হবে ১ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ দিয়ে।
স্বদেশ প্রতিদিন/এস পি