প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম

দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশের নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র প্রচার অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে সহ-অভিনেতা মিসকিনকে কীর্তির প্রশংসা করার সময় তাঁর কোলে ও পায়ের ওপর বারবার হাত রাখতে দেখা যায়। এ সময় কীর্তির মুখভঙ্গিতে অস্বস্তির ছাপ ছিল বলে দাবি করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।
চেন্নাইয়ে গত বুধবার (১৮ নভেম্বর) সিনেমাটির প্রচার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মিসকিনের আচরণ এবং শারীরিক স্পর্শের ক্ষেত্রে সম্মতির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, সিনেমার প্রয়োজনে অভিনয়ের সময় শারীরিক স্পর্শে সম্মতি থাকলেও বাস্তব জীবনে কারও ব্যক্তিগত পরিসর ও অনুমতির বিষয়টি আলাদা।
এদিকে ‘সত্যবান সাবিত্রী’ সিনেমাটি আজ শুক্রবার (২০ নভেম্বর) মুক্তি পাওয়ার কথা। একই দিনে মুক্তি পাচ্ছে ধনুশ ও সাই পল্লবী অভিনীত ‘ওম’। দুটি সিনেমার মুক্তি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে প্রচার অনুষ্ঠানের ভিডিও নিয়ে বিতর্কে কীর্তির ব্যক্তিগত পরিসর ও নারীর সম্মতির অধিকারও আলোচনায় এসেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি