প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে কথিত ক্যাসিনো মাস্টার এজেন্ট শ্যামল রায় (২৮) ও মো. জাহিদুর রহমান (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১০০টি সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাগাঁও শাহাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিকাগাঁও শাহাপাড়া গ্রামের ডি-হাট থেকে স্লুইসগেটগামী পাকা সড়কের পাশে শ্যামল রায়ের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় বাড়ির নিজ শয়নকক্ষ থেকে শ্যামল রায় ও জাহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১০০টি সিম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শ্যামল রায় ওই গ্রামের অতুল চন্দ্র রায়ের ছেলে এবং জাহিদুর রহমান একই এলাকার আলতাফুর রহমানের ছেলে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের এ অভিযানের পর এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। উদ্ধার করা সিম কার্ডগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি