বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আখাউড়ায় জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি      ● সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করল আশা      ● ধুনটে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার      ● মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন      ● ইউপি নির্বাচন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি      ● জামালপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের কর্মসূচি      ● সিরাজগ‌ঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড      ● সৌরবিদ্যুৎ প্রকল্পে ১০০ কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা      ● সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব      ● ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, ধৈর্যের সীমা ভাঙবেন না: রিজভী      
বন্যায় স্থবির ব্যাংকক, ৫০ জেলাতে দুর্যোগ ঘোষণা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:১০ পিএম

টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। শহরের অনেক এলাকা এখন পানিতে তলিয়ে গেছে। বন্যায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যাংককের ৫০টি জেলাতেই দুর্যোগ ঘোষণা করেছে সরকার।

সরকার জানিয়েছে, বন্যার কারণে কয়েক হাজার মানুষ শহরের ২৩০টির বেশি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। মৃতদের অনেকে পানিতে ডুবে এবং কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

ব্যাংককের কিছু এলাকায় মাত্র দুই দিনে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৭৩ বছর বয়সী স্থানীয় বাসিন্দা সুলিমাস কুরাংকুল বলেন, গত সপ্তাহের বৃষ্টি সাধারণ বর্ষার বিকেলের বৃষ্টির মতো ছিল না। দিন-রাত টানা বৃষ্টি হয়েছে। তাঁর ভাষায়, পানি শুধু বাড়তেই ছিল।

উত্তর-পূর্ব ব্যাংককের খলং চান এলাকার একটি আবাসিক কমপ্লেক্স বন্যার ভয়াবহতার চিত্র তুলে ধরছে। বাদামি পানিতে ভবনগুলো দাঁড়িয়ে আছে। কোথাও পার্ক করা গাড়ির শুধু ছাদ দেখা যাচ্ছে। পানি কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পানিতে ভাসতে থাকা আবর্জনা ও বর্জ্যের দুর্গন্ধও বাড়ছে।

চাও ফ্রায়া নদীর বিস্তীর্ণ বন্যাপ্রবণ এলাকায় গড়ে উঠেছে ব্যাংকক। শহরের পানি নিষ্কাশনব্যবস্থা খাল, পাম্প ও বাঁধের ওপর নির্ভরশীল। তবে নগরায়ণের কারণে অনেক খাল ভরাট ও সংকুচিত হয়ে যাওয়ায় অতিরিক্ত পানি দ্রুত সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

বন্যার কারণে শহরের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও মানুষ ফোলানো প্লাস্টিকের পুল ব্যবহার করে চলাচল করছেন, আবার কোথাও ভাসমান ফ্রিজকেও নৌকার মতো ব্যবহার করতে দেখা গেছে।

বন্যার প্রভাব পড়েছে ব্যাংককের প্রধান বিমানবন্দরেও। একপর্যায়ে থাই এয়ারওয়েজের প্রায় অর্ধেক কর্মী কাজে যেতে পারেননি। এতে বিপুলসংখ্যক লাগেজ জমে যায় এবং কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়। অনেক স্কুলও বন্ধ রয়েছে। যানজটের কারণে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত এলাকার মানুষও ঘর থেকে বের হতে পারছেন না।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, উত্তরের দিক থেকে নেমে আসা পানির কারণে ব্যাংককের মহানগর এলাকা এখনো ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে একটি বিশেষ নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম বন্যার প্রবণতা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি উষ্ণ হয়ে বেশি পানি বাষ্পে পরিণত হচ্ছে। একই সঙ্গে উষ্ণ বাতাস বেশি জলীয়বাষ্প ধরে রাখতে পারছে। ফলে অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের ঘটনা বাড়ছে।

তবে এই নির্দিষ্ট বৃষ্টিপাতের জন্য সরাসরি জলবায়ু পরিবর্তনকে দায়ী করা এখনই সম্ভব নয় বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। কপের্নিকাস ক্লাইমেট পালসের তথ্য অনুযায়ী, অস্বাভাবিক উষ্ণ দক্ষিণ চীন সাগর থেকে একটি নিম্নচাপ কম্বোডিয়া ও ভিয়েতনাম হয়ে ব্যাংককের ওপর আটকে যাওয়ায় এই ভারী বৃষ্টি হয়েছে।

এর সঙ্গে শক্তিশালী এল নিনোর প্রভাবও রয়েছে। এল নিনো সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ায় তুলনামূলক শুষ্ক আবহাওয়া তৈরি করে। তবে সাম্প্রতিক গবেষণায় এর প্রভাবেও কিছু এলাকায় চরম বৃষ্টির ঘটনা বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

ব্যাংককের বন্যা মোকাবিলার সক্ষমতা নিয়ে গবেষণা করা পরামর্শক নাইম লায়েনি বলেন, কয়েক দিন ধরে বৃষ্টি চলতে থাকায় পরিস্থিতির ভয়াবহতা কর্তৃপক্ষ যথেষ্ট গুরুত্ব দিয়ে মানুষের কাছে তুলে ধরতে পারেনি।

তিনি বলেন, ব্যাংককের পানি নিষ্কাশনব্যবস্থা সাধারণত ঘণ্টায় প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টি সামলাতে পারে। উন্নত কিছু এলাকায় এই সক্ষমতা ৮০ মিলিমিটার পর্যন্ত। কিন্তু এবার কিছু এলাকায় এর চেয়েও বেশি বৃষ্টি হয়েছে। এক দফা বৃষ্টির পর আরেক দফা বৃষ্টির মধ্যে পানি সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময়ও পাওয়া যায়নি।

পাশের দেশ মিয়ানমারেও একই আবহাওয়ার কারণে আকস্মিক বন্যা ও সড়ক যোগাযোগে বিঘ্ন দেখা দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের কা দেত নে হেইন গ্রামে ভূমিধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আরও একটি গ্রামের কাদার নিচে আটজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ব্যাংককে এখনো পুরো সক্ষমতায় পানি নিষ্কাশন পাম্প চালানো হচ্ছে। তবে শহরের সব এলাকা থেকে পানি পুরোপুরি সরতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ব্যাংকক বন্যা   থাইল্যান্ড বন্যা   ব্যাংককে দুর্যোগ   থাইল্যান্ডের বন্যা   ভারী বৃষ্টি   চরম আবহাওয়া   জলবায়ু পরিবর্তন   এল নিনো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close