প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৪১ পিএম

গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল-নদী খনন ও সড়ক অবকাঠামো সম্প্রসারণে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি।
মন্ত্রণালয়গুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ এবং জয়পুরহাট, ফরিদপুর, রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলা ও বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন-পুনঃখনন, জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন রোধের উদ্যোগ রয়েছে।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের আওতায় জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধায় ক্ষুদ্রসেচ উন্নয়ন, ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং ঢাকায় বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। সড়ক যোগাযোগ খাতে জয়পুরহাটের তিনটি জেলা মহাসড়ক উন্নীত করা এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার প্রকল্প রয়েছে। সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি