প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৫ পিএম

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামালপুর শহরের স্টেশন বাজার এলাকার বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বকুলতলায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দেশব্যাপী অস্থিতিশীলতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব তার বক্তব্যে বলেন, "দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছে। নিষিদ্ধ সংগঠন ও তাদের দোসরদের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।"
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মঞ্জু এবং আনোয়ার জামান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি