প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে প্রাগের প্রধান রেলস্টেশনের খুব কাছাকাছি সাইফের্তোভা স্ট্রিটের ওপর একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১০টির বেশি অ্যাম্বুলেন্স দল পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত কয়েকজনকে স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা গেছে।
চেক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, প্রাগের তৃতীয় প্রশাসনিক এলাকায় প্রধান রেলস্টেশনের কাছে সাইফের্তোভা স্ট্রিটের সেতুতে দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সব জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ আরও জানায়, উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নির্ধারণে তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ করছেন। রেলওয়ে পরিদর্শকদের সঙ্গে নিয়ে দুর্ঘটনার সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে এ সংঘর্ষের জন্য কারা দায়ী, তা নির্ধারণের চেষ্টা চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংঘর্ষের সময় ট্রেন দুটি কম গতিতে চলছিল। এতে উভয় ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত যাত্রীদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত হিসেবে উল্লেখ করা চারজনের শারীরিক অবস্থা কিংবা তাদের কী ধরনের আঘাত লেগেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকাজে পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীদের পাশাপাশি সোকোলস্কা ও হোলেশোভিৎসে স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরাও অংশ নিয়েছেন।