প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ৫:৫০ PM

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে গর্ভে থাকা অবস্থায় হাম ভাইরাসে আক্রান্ত হয়ে জন্ম নিচ্ছে শিশুরা। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির চিকিৎসকেরা। গর্ভবতী মায়ের শরীর থেকে গর্ভের শিশুর মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়লে এ ধরনের সংক্রমণ ঘটে। এতে নবজাতকের গুরুতর জটিলতা, এমনকি মৃত্যুও হতে পারে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে গর্ভে থাকা অবস্থায় হাম আক্রান্ত হওয়ার ১৩টি ঘটনা শনাক্ত হয়েছে। একই সময়ে গর্ভবতী নারীদের মধ্যে হাম আক্রান্তের ১১২টি ঘটনা পাওয়া গেছে। তাদের অধিকাংশই আগে হাম প্রতিরোধী টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
চিকিৎসকদের মতে, টিকা নেওয়ার হার কমে যাওয়ায় দেশটিতে হাম ছড়িয়ে পড়ছে। গত দুই বছরে যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৫০০-এর বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। ২০০০ সাল থেকে হামমুক্ত থাকার স্বীকৃতিও দেশটি হারাতে যাচ্ছে বলে জানিয়েছে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা।
বিশেষজ্ঞরা বলছেন, গর্ভাবস্থার আগে হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী টিকা নেওয়া এ ঝুঁকি কমানোর সবচেয়ে ভালো উপায়। তবে গর্ভাবস্থায় এ টিকা দেওয়া যায় না। গর্ভে আক্রান্ত শিশুর জ্বর, জন্ডিস ও শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতাও হতে পারে।
চিকিৎসকদের আশঙ্কা, টিকা নেওয়ার হার আরও কমলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তাদের মতে, কোনো এলাকায় ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া থাকলে হাম ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। অথচ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেনের মাত্র ৯২ দশমিক ৪ শতাংশ শিশু প্রয়োজনীয় টিকা পেয়েছে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)