প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনাও বিরাজ করছিল।
এর মধ্যে শুক্রবার সকালে কবিরাজপাড়া এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় একটি স্থান থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে ককটেলগুলো সেখানে মজুত করা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে ককটেল বিস্ফোরণ বা উদ্ধারের ঘটনায় কোনো পক্ষের সম্পৃক্ততার বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি