প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম

মুক্তির পর প্রথম সপ্তাহেই ভারতের বক্স অফিসে ভালো ব্যবসা করেছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ফ্যান্টাসি থ্রিলার ‘দ্য ভ্যান’। মুক্তির মাত্র সাত দিনে ভারতে সিনেমাটির নেট সংগ্রহ ৫৩ কোটি ৫০ লাখ রুপি ছাড়িয়েছে।
চলচ্চিত্রবিষয়ক পোর্টাল স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ভারতের ৬ হাজার ৯৬৬টি শো থেকে সিনেমাটি নেট আয় করেছে ৪ কোটি ৪০ লাখ রুপি। এতে ভারতে ছবিটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৭ লাখ রুপি।
দেশের বাইরেও সিনেমাটি দর্শকদের সাড়া পেয়েছে। সপ্তম দিনে আন্তর্জাতিক বাজার থেকে ছবিটির আয় হয়েছে ৫০ লাখ রুপি। ফলে বিদেশে সিনেমাটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। ভারত ও বিদেশের আয় মিলিয়ে ‘দ্য ভ্যান’-এর বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ এখন ৬৯ কোটি ৭ লাখ রুপি।
গত ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই এটি ভারতের বক্স অফিসে ৫০ কোটি রুপির বেশি আয় করে।
তবে শুক্রবার (২ অক্টোবর) অজয় দেবগণের ‘দৃশ্যম ৩’ বা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তি পাওয়ায় ‘দ্য ভ্যান’-এর সামনে নতুন প্রতিযোগিতা তৈরি হয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রতিযোগিতার মধ্যেও সিনেমাটি ভালো ব্যবসা ধরে রাখতে পারে বলে মনে করছেন ট্রেড বিশ্লেষকরা।
‘পঞ্চায়েত’খ্যাত নির্মাতা দীপক কুমার মিশ্র পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অনুপ সোনি, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি ও মনীশ পল।
শোভা কাপুর, একতা কাপুর, অরুণাভ কুমার ও নীরজ কোঠারি যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন। প্রযোজনায় রয়েছে বালাজি মোশন পিকচার্স, টিভিএফ মোশন পিকচার্স ও ১১:১১ প্রোডাকশনস।
স্বদেশ প্রতিদিন/এস পি