প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ পিএম

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় পুলিশের গুলিতে দুই হামলাকারী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলার ঘটনায় ডিএমপির অভিযানে দুই হামলাকারী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রামদা, চাপাতি ও পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়।
বাড়ির মালিক আমিনুর রহমান খানের ভাতিজা মো. রাজু জানান, হামলাকারীরা প্রথমে বাড়ির মূল ফটক খুলে সবাইকে বের হয়ে যেতে বলে। ভেতর থেকে কেউ বের না হওয়ায় তারা বাইরে থেকে টাকা দেওয়ার জন্য হুমকি দিতে থাকে। একপর্যায়ে হামলাকারীরা চাপাতি ও রামদা দিয়ে বাড়ির গেটে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
রাজু আরও জানান, হামলাকারীরা বাড়ির গেটের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে। পরে ইটের টুকরা ছুড়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালার কাচও ভেঙে ফেলে।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি