প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম

মুক্তির আট দিনেই বিশ্বজুড়ে ২১১ কোটি রুপির বেশি আয় করেছে দক্ষিণ ভারতের অভিনেতা সুরিয়া অভিনীত সিনেমা ‘সিন’। গত ৬ নভেম্বর জিথু মাধবন পরিচালিত ক্রাইম কমেডি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলতি বছর মুক্তি পাওয়া সুরিয়ার তৃতীয় সিনেমা এটি।
বক্স অফিসের তথ্য সরবরাহকারী স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, অষ্টম দিনে সিনেমাটি আয় করেছে ৬ কোটি রুপি। এ নিয়ে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ৭০ লাখ রুপি। দেশটিতে গ্রস আয় ১৩৬ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে তামিল সংস্করণ থেকে এসেছে ৯৫ কোটি ৬০ লাখ এবং তেলুগু সংস্করণ থেকে ২২ কোটি ১০ লাখ রুপি। ভারতের মধ্যে তামিলনাড়ুতেই সবচেয়ে বেশি ব্যবসা করেছে সিনেমাটি।
ছবিতে পুলিশ কর্মকর্তা ডিএসপি ইনবারাজের চরিত্রে অভিনয় করেছেন সুরিয়া। দৃষ্টিশক্তি কমে আসায় সক্রিয় পুলিশি দায়িত্ব থেকে সরে গেলেও একের পর এক হত্যাকাণ্ডের রহস্য সমাধানে কাজ করেন তিনি। এতে আরও অভিনয় করেছেন নজরিয়া নাজিম ও নাসলেন। বিশেষ চরিত্রে রয়েছেন জ্যোতিকা। পরিচালক জিথু মাধবন সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের গুঞ্জন নাকচ করেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি