প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর ৩০তম পর্বে গল্পে এসেছে নতুন মোড়। দীর্ঘ প্রতীক্ষার পর দুই প্রধান চরিত্র জারিয়াব ও আবু বকর একে অপরের প্রতি ভালোবাসার কথা স্বীকার করেছেন। তবে পর্বের শেষ দৃশ্যে আবু বকরের বাড়িতে ক্যানসারের ওষুধ দেখা যাওয়ায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন রহস্য ও জল্পনা।
উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত ধারাবাহিকটির এ পর্বে আবু বকর জানান, প্রথম দেখার দিন থেকেই তিনি জারিয়াবকে ভালোবেসেছেন। তাঁর আবেগঘন স্বীকারোক্তিতে সাড়া দেন জারিয়াবও। দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রশংসা পেয়েছে। অনেকে এটিকে ধারাবাহিকটির অন্যতম সেরা রোমান্টিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।
তবে শেষ দৃশ্যে ক্যানসারের ওষুধ দেখা যাওয়ার পর দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, আবু বকর নিজে নাকি তাঁর মা এই রোগে আক্রান্ত। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। রহস্যের সমাধান জানতে এখন পরবর্তী পর্বের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
স্বদেশ প্রতিদিন/এস পি