প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:৫০ AM

সংগৃহীত ছবি
শেখ হাসিনাসহ আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ রাখে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তথ্য-প্রমাণ বিবেচনা করেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে, তাই আপিলের মাধ্যমে আসামিপক্ষের নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ রয়েছে।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের কর্মশালায় মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যে প্রমাণ উঠেছে, তা যে কোনো দেশের আদালত দোষী সাব্যস্ত করার মতোই। তারাই জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রায় কার্যকরের বিষয়ে সরকার কাজ করছে; এ প্রক্রিয়ায় তার দপ্তরের কোনো ভূমিকা নেই। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিচার নিয়ে সমালোচনা থাকবেই, তবে কারা সমালোচনা করছে, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন।