প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম

জুলাই ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন এর বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার ১০০ ফুট সড়কে আন্দোলনে অংশ নেন বাদী মো. শামীম মিয়া। এ সময় শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসা শেষে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন শামীম। ওই মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি